| হৃৎপিণ্ডকে সুস্থ রাখার উপায় |
মানুষ পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগে থেকেই তার হৃৎপিণ্ড কাজ করা শুরু করে এবং মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত নির্দিষ্ট গতিতে চলতে থাকে । মানুষের বাঁচা - মরায় হৃদযন্ত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ । হৃদযন্ত্র সুস্থ রাখার জন্য সঠিক জীবনধারা ( lifestyle ) এবং খাদ্য নির্বাচনের প্রয়োজন রয়েছে । নানা ধরনের তেল বা চর্বিজাতীয় খাদ্য হৃদযন্ত্রের কার্যক্রমকে ব্যাহত করে । রক্তের কোলেস্টেরল হৃৎপিণ্ডের রক্তনালিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে হৃদযন্ত্রের ক্ষতি করে থাকে ।
মাদক সেবন ও নেশা করলে হৃদযন্ত্রের ক্রিয়া ও হৃৎস্পন্দন সাধারণ মান থেকে বৃদ্ধি পায় । ফলে মাদকসেবী কিছুটা মানসিক আনন্দ এবং প্রশান্তি পেলেও তার হৃদযন্ত্রের অনেক ক্ষতি হয় । সিগারেটের তামাক অথবা জর্দার নিকোটিনের বিষক্রিয়া শরীরের অন্য অংশের মতো হৃৎপেশির ক্ষতি করে । সঠিক খাদ্য নির্বাচনের মাধ্যমে হৃৎপিণ্ডকে সুস্থ রাখা যায় । মেদ সৃষ্টিকারী খাদ্য যেমন তেল , চর্বি , অতিরিক্ত শর্করা পরিহার এবং সুষম খাদ্য গ্রহণ , প্রতিদিন পরিমিত ব্যায়াম এবং হাঁটা - চলার মাধ্যমে সুস্থ জীবন লাভ করা যায় ।
